হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি দেবে সরকার, গুলি ছোড়ার অভিযোগ নাকচ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:২৭ (সোমবার)
হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি দেবে সরকার, গুলি ছোড়ার অভিযোগ নাকচ

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের বলপ্রয়োগ করেনি।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। তবে এ সময় কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে সরকার স্পষ্টভাবে জানায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানানো হয়, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের কারও শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক পর্যালোচনা শেষে আগামী রোববার ৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে চিঠি পাঠানো হবে।

বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ সরকার নাকচ করে দিয়ে জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা কামনা করছে।

বায়ান্ননিউজ২৪/আইরিন

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.