ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা হলে আবারও ৫ আগস্ট হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি ভোট চুরি কিংবা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার পরিণতি হবে ফ্যাসিস্টদের মতোই। তিনি সতর্ক করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এমন কিছু ঘটলে আবারও ৫ আগস্টের মতো গণপ্রতিরোধ গড়ে উঠবে।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার চাপাইন রোডে জাবাল ই নূর মাদ্রাসার বিপরীতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে নাহিদ ইসলাম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যমুনার সামনে শহীদ হাদির পরিবার যে অবস্থান নিয়েছে, তা সরকারের ব্যর্থতারই প্রতিফলন। এখনো সময় আছে, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এটি অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।
নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধার অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে, এমনকি হত্যাকাণ্ডও ঘটেছে। যারা লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের রুখে দেওয়ার দিনই হবে ১২ ফেব্রুয়ারি। তিনি দাবি করেন, নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকেই ভয় পাচ্ছে প্রতিপক্ষ।
তিনি আরও বলেন, হুমকি বা রক্তচক্ষু দেখিয়ে এনসিপিকে দমানো যাবে না। ঢাকা ১৯ সাভার আশুলিয়ার মানুষ ভয় পায় না। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে একটি বড় দল অন্য দলগুলোকে গ্রাস করেছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশকে আবার পেছনে নেওয়ার বা ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর পুরোনো প্রতারক ও বেইমানদের হাতে গণতন্ত্রের দায়িত্ব দিতে চায় না। জনগণ এখন নতুন, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্বকে সুযোগ দিতে প্রস্তুত।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.