লন্ডনে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি নারী নিহত

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:০৩ (রবিবার)
লন্ডনে সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি নারী নিহত

লন্ডনের এম১১ মোটরওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইয়াসমিন বেগম (৪০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি নারী নিহত হয়েছেন। তিনি পূর্ব লন্ডনের স্টেপনী গ্রিন এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসেক্সের হারলো এলাকায় এম১১ মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ইয়াসমিন বেগমকে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে আরও দুইজন ছিলেন, যারা স্বামী স্ত্রী বলে জানা গেছে। তারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের বরাতে জানা গেছে, ইয়াসমিন বেগম ও তার এক বান্ধবী তুরস্কে ছুটি কাটিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফেরেন। সেখান থেকে স্টেপনী গ্রিনের বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইয়াসমিন বেগম স্থানীয় একটি স্কুলে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার দুই সন্তান রয়েছে, একটি মেয়ে চার বছর বয়সী এবং একটি ছেলে প্রায় সাত থেকে আট বছর বয়সী। তিনি জন্মসূত্রেও স্টেপনী গ্রিন এলাকার বাসিন্দা। তার স্বামীর বাড়ি বাংলাদেশের সিলেট সদরে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। নিহত ইয়াসমিন বেগমের মরদেহ বর্তমানে হারলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ 

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.