গোলাপগঞ্জে খড়ের গাঁদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৫ (মঙ্গলবার)
গোলাপগঞ্জে খড়ের গাঁদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ পাড়ায় খড়ের গাঁদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে তাজ উদ্দিনসহ তার তিন ভাইয়ের বসতঘর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে হঠাৎ করে এলাকার বিশিষ্ট গরু ব্যবসায়ী তাজ উদ্দিনের খড়ের গাঁদিতে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই শুকনো খড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই গবাদি পশুর খাদ্যের জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে তাজ উদ্দিনের বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাজ উদ্দিন জানান, দীর্ঘ সময় ধরে গবাদি পশুর খাদ্যের জন্য তিনি খড়গুলো স্তুপ করে রেখেছিলেন। চোখের সামনে সব পুড়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শত্রুতার জেরে দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে।

বায়ান্ননিউজ২৪/আবুল কাশেম রুমন

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.