ক্রিকেটার জাহানারার যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম–এর করা যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে জাহানারার উত্থাপিত চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের প্রমাণ মেলেনি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
বিসিবি সোমবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এতে বলা হয়, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো দুই মাস ধরে খতিয়ে দেখা হয়েছে।
তদন্ত কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে, অভিযোগের সবগুলো সমানভাবে প্রমাণিত না হলেও জাহানারা আলমের সঙ্গে আচরণে অনৈতিকতা ও পেশাগত সীমা লঙ্ঘনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ কারণে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে সংস্থাটির চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে দায়িত্ব পালন করছেন। তবে অভিযোগ প্রমাণের আলোকে ভবিষ্যতে তাকে দেশের ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
স্বাধীন তদন্ত কমিটির সুপারিশের পর বিসিবি তাদের আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে। হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে সংস্থাটির ঘোষিত শূন্য-সহনশীলতা নীতির আলোকে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.