১৭ মাসে দেশে সহিংসতা ও মানবাধিকার বিপর্যয়, ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারের
অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১৯৫ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস। সংস্থাটির মতে, সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে সহিংসতা ও অস্থিরতা বেড়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী মানবাধিকার পরিস্থিতি ও প্রাক নির্বাচনী সহিংসতা’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন পাঠ করেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৭ মাসে দেশে এক হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৯৫ জন এবং আহত হয়েছেন ১১ হাজার ২১৯ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। দলটির ১২১ জন নিহত এবং সাত হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
এইচআরএসএস জানায়, অন্তর্বর্তী সরকার মানবাধিকার ও বিচার বিভাগীয় স্বাধীনতার কথা বললেও বাস্তবে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। গণপিটুনি ও মব সহিংসতায় ২৫৯ জন নিহত, সাংবাদিক নির্যাতনে ৬ জন নিহত ও শতাধিক গ্রেপ্তার, বিচারবহির্ভূত হত্যায় ৬০ জনের মৃত্যু এবং কারা হেফাজতে ১২৭ জনের মৃত্যুর তথ্য তুলে ধরে সংস্থাটি।
এছাড়া মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত হত্যা এবং নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নির্বাচনের আগে সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন মানবাধিকারকর্মীরা।
এইচআরএসএসের ভাষ্য, কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি না থাকলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
বায়ান্ননিউজ২৪/আইরিন
আইটি ল্যাব সলিউশন্স লি.