ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:১৩ (মঙ্গলবার)
ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জনের প্রাণহানি

ব্রাজিলের উত্তর–পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সাও জোসে দা তাপেরা শহরের কাছে একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকে বাসের নিচে চাপা পড়ে যান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ব্রাজিলের গণমাধ্যমের তথ্যমতে, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। প্রতি বছর ২ ফেব্রুয়ারি ওই উৎসবে হাজারো মানুষ অংশ নেন।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো জানান, বাঁকে গিয়ে বাসটি উল্টে পড়ায় দুর্ঘটনাটি ভয়াবহ রূপ নেয় এবং উদ্ধার কাজ ছিল অত্যন্ত জটিল।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবাই বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.