বেড়েছে এলপিজি ও অটোগ্যাসের দাম
ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ও অটোগ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
সোমবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আনুষ্ঠানিকভাবে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ৫৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক হাজার ৩০৬ টাকা।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
নতুন এই মূল্যবৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এলপিজি ও অটোগ্যাসের দাম ধারাবাহিকভাবে বাড়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
বায়ান্ননিউজ২৪/আইরিন
আইটি ল্যাব সলিউশন্স লি.