ভোট–পরবর্তী বিরোধ সামাল দেওয়াই ইউনূস সরকারের সবচেয়ে বড় পরীক্ষা: ক্রাইসিস গ্রুপ
ভোটের ফলাফল ঘিরে বড় ধরনের বিরোধ তৈরি হলে তা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার প্রকাশিত এক বিশ্লেষণে সংস্থাটি জানায়, রাজনৈতিক রূপান্তরের পথে কিছু অগ্রগতি হলেও নিরাপত্তা পরিস্থিতি, কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক আস্থার ঘাটতি এখনো বড় বাধা হয়ে আছে।
ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, গত দেড় বছরে সরকার কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেও নির্বাচন পরিচালনার মতো সংবেদনশীল সময়ে এই সীমাবদ্ধতাগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্লেষণে বলা হয়েছে, এবারের নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুটি প্রধান রাজনৈতিক জোটের মধ্যে মূল লড়াই হলেও, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির বিপুলসংখ্যক সমর্থক কার্যত ভোটপ্রক্রিয়ার বাইরে থাকছেন—যা নির্বাচনী বাস্তবতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য হিসেবে ‘জুলাই সনদ’ প্রণয়নের কথা উল্লেখ করা হয়। সংবিধান, নির্বাচনব্যবস্থা ও বিচার বিভাগের সংস্কার নিয়ে এই সনদে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সই করলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ উন্নতি না হওয়া এবং পুলিশের প্রতি জনআস্থার সংকটকে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন ঘিরে সহিংসতার ঝুঁকির কথাও তুলে ধরেছে ক্রাইসিস গ্রুপ। তফসিল ঘোষণার পর একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা অনেকটাই সেনাবাহিনী ও প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে গড়ে ওঠা সমঝোতার ওপর নির্ভরশীল। তবে ভোটের ফলাফল নিয়ে বড় ধরনের বিরোধ সৃষ্টি হলে সেই সমঝোতা ভেঙে পড়তে পারে এবং তা একটি গভীর রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।
ক্রাইসিস গ্রুপের মতে, ভোট–পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দেন মুহাম্মদ ইউনূস, সেটিই তার নেতৃত্বাধীন সরকারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
বায়ান্ননিউজ২৪/আইরিন
আইটি ল্যাব সলিউশন্স লি.