শুল্ক কমানোর ঘোষণায় ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্যে ইতিবাচক বার্তা, ট্রাম্পকে ধন্যবাদ মোদির
দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েনের পর ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দেওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে স্বস্তির ইঙ্গিত মিলেছে।
এক ঘোষণায় ট্রাম্প জানান, ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। এই সিদ্ধান্তকে ভারতের জন্য বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স ও ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।
মোদি আরও বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে তার সুফল সাধারণ মানুষের কাছেই পৌঁছায়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্টের ভূমিকাকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টাকে ভারত সমর্থন করে এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা তৈরি হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অনুপযুক্ত ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছিল।
সাম্প্রতিক এই শুল্ক কমানোর ঘোষণা সেই উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নতুন গতি পাবে এবং দুই দেশের অর্থনীতিই এর সুফল পেতে পারে।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.