১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য জামায়াতের কোনো দরদ নেই

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৫৬ (মঙ্গলবার)
১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য জামায়াতের কোনো দরদ নেই

যশোরে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের কোনো দরদ নেই। ওই সময় তাদের কারণে লক্ষ লক্ষ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন।

সোমবার দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেছেন। যারা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে অবজ্ঞা করে এবং গালিগালাজ করে, তারা কোনোভাবেই জনদরদী বা দেশপ্রেমিক হতে পারে না।

তিনি বলেন, বিতর্কিত বক্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাত তুলে ধরা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যাচার। বিশেষজ্ঞদের মতে, এমন দাবি অবাস্তব। নির্বাচনের আগে জনগণের সামনে দাঁড়িয়ে যারা নির্দ্বিধায় মিথ্যা বলে, তারা কখনো দেশের কল্যাণ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ওই দলের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের নেতারা কী ধরনের নোংরা ভাষা ব্যবহার করেন, সেটি তাদের ভেবে দেখা উচিত।

তিনি বলেন, ইসলাম কায়েমের কথা বলা হলেও ইসলামের ইতিহাসই সাক্ষ্য দেয়, আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী ও কর্মজীবী নারী। অথচ এই দলটির পূর্বসূরীরা ১৯৭১ সালেও মা-বোনদের অসম্মানিত করেছে। ফলে দেশের মানুষ বা নারী সমাজ তাদের হাতে কখনোই নিরাপদ থাকতে পারে না।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ভোট বানচাল করার জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে। দীর্ঘদিন পর জনগণের সামনে জবাব দেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পাবে।

নারী ও সামাজিক উন্নয়নের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষার প্রসারে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে মায়েরা নিয়মিত রাষ্ট্রীয় সহায়তা পাবেন।

যশোর অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার ফুল চাষকে আধুনিকায়ন করে বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে আখ চাষিদের ভাগ্যোন্নয়ন এবং দেশকে চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বক্তব্যের শেষ দিকে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জনতাকে উজ্জীবিত করেন তারেক রহমান।

জনসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/আইরিন

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.