স্বাধীনতাবিরোধীদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় না: মির্জা ফখরুল

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৭ (মঙ্গলবার)
স্বাধীনতাবিরোধীদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় না: মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রশ্নে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া সম্ভব নয়।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। ধানের শীষের প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। সেই বাস্তবতা থেকে তিনি মনে করেন, যারা তখন বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং যুদ্ধের সময় বিরোধিতা করেছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পক্ষে থাকা যায় না।

তিনি বলেন, আজ অনেকেই বড় বড় কথা বলছে, দেশ চালানোর দাবি করছে। কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধের সময় যারা কোন অবস্থানে ছিল, সেটাই তাদের রাজনৈতিক চরিত্র নির্ধারণ করে দেয়।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, হিন্দু ভাই বোনদের মধ্যে অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি আশ্বস্ত করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নির্বাচনের সময় এবং পরেও সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়ে বলেন, তাদের গায়ে কেউ আঘাত করার সাহস পাবে না।

বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। সে কারণেই বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তার ভাষায়, আসন্ন নির্বাচনে জবরদস্তির সুযোগ থাকবে না এবং জনগণ নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন সুরক্ষিত রাখতে রাষ্ট্রের সব শক্তি কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণও ভোটের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

শেষে তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, দেশের সার্বিক অগ্রগতি এবং হিন্দু মুসলমানসহ সব শ্রেণির মানুষের সমান উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.