১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের প্রায় ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষসম্ভব নয়।এটা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত।
রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় অল্প কয়েকজন মানুষের কথাবার্তা নিয়ন্ত্রণ করতেও দীর্ঘ সময় লেগে যায়। সেখানে ১৮ কোটি মানুষের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা নিঃসন্দেহে একটি জটিল দায়িত্ব।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এ ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে মাত্রার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, অতীতে তা দেখা যায়নি। এখন ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ এমন উদ্যোগ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকদেরও নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হতো, অনেক সময় প্রশ্ন করার সাহস পর্যন্ত পেতেন না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সেখানে সার্বিক অবস্থা ভালো রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সহ্য করা হবে না। এ জন্য সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে মাঠে কাজ করছে।
এ সময় মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বায়ান্ননিউজ২৪/আইরিন
আইটি ল্যাব সলিউশন্স লি.