নারী নিয়ে জামায়াত আমিরের অবমাননাকর পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা এই মিছিল আয়োজন করেন।
মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টটিকে নারীবিদ্বেষী ও অবমাননাকর বলে অভিযোগ করেন।

মিছিলে ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের নাসির উদ্দিন নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমানউল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের মাধ্যমে নারীদের অবমাননা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এর ব্যাখ্যা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্সে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে ওই অ্যাকাউন্ট থেকে নারীদের বিষয়ে একটি মন্তব্য প্রকাশ পায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.