নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:০০ (রবিবার)
নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আসন্ন মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে না পারলেও বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

রোববার ১ ফেব্রুয়ারি নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ডাচ মেয়েরা। বাংলাদেশ দলের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে। ২০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে দলের জয় সহজ করে দেন।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সাফল্য বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বায়ান্ননিউজ২৪/আবির

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.