বিএনপি ছাড়া দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আর কোনো দলের নেই: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন জানতে ও দেখতে চায় কোন রাজনৈতিক দল দেশের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবে। তার মতে, দেশকে সঠিক পথে পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
শনিবার ৩১ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশকে স্বাধীন করতে ১৯৭১ সালে লাখো শহীদ জীবন দিয়েছেন। আবার ২০২৪ সালের জুলাই ও আগস্টে বহু মানুষ সেই স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন। এখন দায়িত্ব সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা। তিনি বলেন, প্রতিপক্ষ নিয়ে কথা বলে হাততালি পাওয়া সহজ, কিন্তু দেশ গড়তে অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।
তিনি আরও বলেন, মানুষ তার ওপরই আস্থা রাখে, যিনি সংকটের সময়ে জনগণের পাশে থেকেছেন। বিএনপির ভেতরে সেই আস্থা ও অভিজ্ঞতা রয়েছে। দেশের কোটি কোটি মানুষকে একসাথে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
তারেক রহমান অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা বিভ্রান্তি ছড়াবে, তাদের চিনে রাখতে হবে। দীর্ঘ সময় যারা রাজপথে ছিল না, তারাই আজ নানা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।
সিরাজগঞ্জের তাঁতশিল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁত ও লুঙ্গির নাম আসলেই সিরাজগঞ্জ ও পাবনার কথা মনে পড়ে। বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলের তাঁতশিল্পের পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন তারেক রহমান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.