ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ইউনিয়ন আমিরসহ মোট ১৫ জন আহত হয়েছেন।
শনিবার ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জামায়াতের দুই নেতাকর্মীকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিম এবং মো. ফয়জুল্লাহ, মো. ইমন, শাহেল আলম, মো. রাইহান, মো. শামীম, রাতুল ও তানজিল। বিএনপির আহতদের মধ্যে রয়েছেন আয়ুব আলী, শিমু বেগম, মো. বাবু, শামিম ও উজ্জলা বিবি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোলা ২ আসনে তাদের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়িতে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের অন্তত ১০ থেকে ১২ জনকে আহত করেছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।
তবে অভিযোগ অস্বীকার করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আজম বলেন, জামায়াতের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে বিএনপির কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং বাড়িঘরে ভাঙচুর করেছে। এতে তাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.