নওগাঁয় ট্রাকের চাপায় প্রাণ গেল পাঁচজনের
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ৩১ জানুয়ারি ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও (৪৫)
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ইমরুল কায়েস জানান ভোর সাড়ে চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে সবাইকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বায়ান্ননিউজ২৪/আনিস
আইটি ল্যাব সলিউশন্স লি.