লন্ডনে দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল–এর ইউকে কমিউনিটির উদ্যোগে যুক্তরাজ্যে প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফ হাসান ও জুয়েল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী, মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এহতেশাম উদ্দিন বুলবুলসহ বহু প্রাক্তন শিক্ষার্থী।
কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহ্বাব হোসেইন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি দি এইডেড হাই স্কুলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
অতিথিরা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী সামারে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে ২০২৮ সালে স্কুলের শতবর্ষ উপলক্ষে বৃহৎ পরিসরের আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, তিনি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত।
অনুষ্ঠানের শেষ পর্বে স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টে রানারআপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।
মামুনুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শেষে আয়োজকরা উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বায়ান্ননিউজ২৪/আনসারউল্লাহ
আইটি ল্যাব সলিউশন্স লি.