পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে রাখছেন ভোটাররা

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:৫০ (মঙ্গলবার)
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে রাখছেন ভোটাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ভোটারদের মনোভাব ততই স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ এক জনমত জরিপে দেখা গেছে, আগামী নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে এগিয়ে রাখছেন ভোটারদের বড় একটি অংশ। একই সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি জনসমর্থনের ইঙ্গিত মিলেছে জরিপে।

বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং পরিচালিত ‘জনগণের নির্বাচনি ভাবনা’ শীর্ষক জরিপের তৃতীয় রাউন্ডের ফলাফলে বলা হয়েছে, ৫২ শতাংশ উত্তরদাতা বিএনপিকে পরবর্তী সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত দল মনে করেন। আর ৪৭ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করছেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান।

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই জরিপের ফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। জরিপটি বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় পরিচালিত হয়। এতে সারা দেশের ৫ হাজার ১৪৭ জন ভোটারের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত জরিপের তৃতীয় রাউন্ড পরিচালনা করা হয়। এ রাউন্ডে অংশ নেওয়া ভোটাররা এর আগের প্রথম ও দ্বিতীয় রাউন্ডেও জরিপে অংশ নিয়েছিলেন।

জরিপের তথ্য অনুযায়ী, ৫১ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি ও তাদের জোটই সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত। অপরদিকে ৩০ দশমিক ৪ শতাংশ ভোটার জামায়াতে ইসলামী ও তাদের জোটকে পছন্দ করেছেন। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের শফিকুর রহমানকে এগিয়ে দেখছেন ২২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। আর এনসিপির নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন মাত্র ২ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী।

জরিপে মন্তব্য করা হয়েছে, জামায়াতের ভোটারদের মধ্যে অস্থিরতা তুলনামূলকভাবে বেশি, যা দলটির জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিপরীতে বিএনপির ভোটাররা তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল। একই সঙ্গে জামায়াত থেকে বিএনপির দিকে উল্লেখযোগ্য সমর্থন স্থানান্তরের প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। তবে নির্বাচনের সময় এই প্রবণতায় পরিবর্তন আসতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, মোট নমুনার প্রায় ৩০ শতাংশ ভোটার এখনো তাদের ভোটের পছন্দ প্রকাশ করেননি। এই ভাসমান ভোটারদের সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত নির্বাচনি ফল অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন জরিপ সংশ্লিষ্টরা।

ভোটার উপস্থিতি নিয়েও আশাব্যঞ্জক চিত্র দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ভোট দিতে যাবেন। গণভোটের প্রশ্নে ৫৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলেছেন, আর ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন ৬ দশমিক ৮ শতাংশ। উল্লেখযোগ্য একটি অংশ এখনও গণভোট বিষয়ে সিদ্ধান্তহীন বা এ সম্পর্কে অবগত নন।

জরিপের ফলাফল অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থাও কিছুটা বেড়েছে। ৭২ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে ভোটারদের আস্থার হারও বৃদ্ধি পেয়েছে।

সব মিলিয়ে জরিপের তৃতীয় রাউন্ডের ফলাফলে বিএনপি এবং তারেক রহমানের প্রতি জনসমর্থনের ইতিবাচক প্রবণতা স্পষ্টভাবে উঠে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.