রাজধানীর ওয়ারীতে পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:৩৮ (মঙ্গলবার)
রাজধানীর ওয়ারীতে পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

রাজধানীর ওয়ারীতে অবস্থিত ওয়ারী পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ মোট আটজন আহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণটি ঘটে।

আহতরা হলেন শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলের বার্ন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, বিস্ফোরণে দগ্ধ দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কামরুলের শরীরের প্রায় ৮ শতাংশ এবং জসিমের শরীরের প্রায় ৩ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধসহ আটজনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.