বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:৩৪ (মঙ্গলবার)
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষে অন্তত ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস জানায়, গত ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের হরনাই ও পাঞ্জগুর জেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান নামে পরিচিত ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযানে হরনাই জেলার উপকণ্ঠে সন্ত্রাসীদের একটি আস্তানায় নিরাপত্তা বাহিনী কার্যকর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়, যা পরে ধ্বংস করা হয়েছে।

এরপর পাঞ্জগুর জেলায় চালানো আরেকটি অভিযানে ফিতনা আল হিন্দুস্তান–সংশ্লিষ্ট আরও ১১ জন সন্ত্রাসী নিহত হয়। ওই আস্তানাতেও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আইএসপিআর জানায়, পাঞ্জগুরে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে একটি ব্যাংক ডাকাতির লুট করা অর্থও উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা অতীতে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আজম-ই-ইস্তেহকাম নীতির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত অভিযান পূর্ণ গতিতে চলবে।

পাকিস্তানি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলার ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটছে।

আইএসপিআর জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে হাজার হাজার গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং এসব অভিযানে বিপুলসংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.