মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন ৭৫ জন মার্কিন কংগ্রেসম্যান। তারা এই স্থগিতাদেশকে ব্যাপক ও মানবিকভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
মার্কিন কংগ্রেস সদস্যরা সম্প্রতি মার্কো রুবিও এবং ক্রিস্টি নয়েম–এর কাছে পাঠানো চিঠিতে বলেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে, এটি একটি বিশাল জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করার শামিল।
চিঠিতে উল্লেখ করা হয়, অভিবাসী ভিসা স্থগিতাদেশের কারণে এক লাখ ৩৫ হাজারের বেশি এশিয়ান–আমেরিকান ভিসাধারী যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারছেন না। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলন, চাকরি, ব্যবসা ও বিনিয়োগের উদ্দেশ্যে যারা আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তারাও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
কংগ্রেসম্যানরা বলেন, যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহীদের নিয়ম মেনে আবেদন করতে বলা হলেও বাস্তবে ভিসা স্থগিত রেখে তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, তা নির্দয় এবং অগ্রহণযোগ্য। কারণ সংশ্লিষ্ট আবেদনকারীরা আইনি সব শর্ত পূরণ করেই ভিসার জন্য আবেদন করেছেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তালিকায় আফগানিস্তান, ইরান, রাশিয়া, নাইজেরিয়া, ইরাক, ইয়েমেনসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার একাধিক দেশ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে ‘পাবলিক চার্জ’ নীতির কঠোর প্রয়োগও যুক্ত রয়েছে।
এই নীতির আওতায় কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন মনে হলে তার ভিসা আবেদন বাতিল করা যাবে।
কংগ্রেস সদস্যদের মতে, এ ধরনের ব্যাপক স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও জটিল করছে এবং বৈধ ও নিয়মতান্ত্রিক অভিবাসীদের প্রতি অনিচ্ছাকৃত বাধা সৃষ্টি করছে। তারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মানবিক ও ন্যায়সংগত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.