গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ০৪:১১ (মঙ্গলবার)
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তিনি কোনোভাবেই ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশনের মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। সে কারণে এ ধরনের কার্যক্রম গণভোট অধ্যাদেশ ২০২৫ এবং আরপিও ১৯৭২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ছাড়া বিষয়টি অবহিতকরণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ভিডিপিসহ সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.