১৩ হাজার ৫৯৯ শূন্যপদে নিয়োগ দেবে এনটিআরসিএ
১৩ হাজার ৫৯৯ শূন্যপদে নিয়োগ দিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে অষ্টম এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পরীক্ষা ২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন করতে হবে নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ–এর ওয়েবসাইট এবং টেলিটক ওয়েবসাইটে।
নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষা এক ঘণ্টা সময়ের হবে এবং এতে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ধাপে পাস নম্বর ৪০ শতাংশ।
এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় থেকে প্রশ্ন থাকবে। অধিদপ্তরভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা এবং মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনায় আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা বিষয় থেকেও প্রশ্ন আসবে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.