গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার আহ্বান তারেকের
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি অন্যদিকে মোড় নেবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে জনগণের জন্য কোনো উন্নয়ন প্রকল্পই বাস্তবায়ন সম্ভব নয়। তাই যেকোনও মূল্যে গণতন্ত্রের পতাকা ধরে রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নিশিরাতের নির্বাচন ও গায়েবি নির্বাচনের কারণে জনগণ তাদের ভোট দিতে পারেনি। তিনি বলেন, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নেই। কিন্তু নতুন করে একটি মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও ব্যাংক ঋণসহ সরকারি সব সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি।
রাজশাহী ও উত্তরাঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণ করা গেলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো অঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে। বরেন্দ্র প্রকল্প ও শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার কথাও জানান তিনি।
আমচাষিদের সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আধুনিক হিমাগার না থাকায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। ক্ষমতায় গেলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং ঝগড়া-বিবাদে যেতে চায় না। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান তিনি।
নারীদের বিষয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যাতে তারা ন্যূনতম আর্থিক সহায়তা পান। পাশাপাশি রাজশাহীতে আইটি পার্ক সচল করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বায়ান্ননিউজ২৪/আসিফ
আইটি ল্যাব সলিউশন্স লি.