একাত্তরের জন্য আগে মাফ চান, পরে ভোট চান : জামায়াতকে মির্জা ফখরুল

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ১৪:৫২ (মঙ্গলবার)
একাত্তরের জন্য আগে মাফ চান, পরে ভোট চান : জামায়াতকে মির্জা ফখরুল

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যে নিষ্ঠুরতা চালিয়েছে, তা আমরা সবাই জানি। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, পেট্রোল পাম্প, ট্যাংক সবই তুলে নেওয়া হয়েছিল। পাকিস্তানি সেনাদের সঙ্গে কারা সহযোগিতা করেছিল তারও আমরা অবগত। আগে একাত্তরের জন্য মাফ চান, তারপর ভোটের জন্য আসুন।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের চণ্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি। পালানোর পরই আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলা হচ্ছে। প্রকৃত উন্নয়ন হবে তখনই, যখন মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কৃষি উন্নত হবে, তখনই দেশের উন্নয়ন নিশ্চিত হবে।”

বিএনপি মহাসচিব জানান, “আগামী ভোটে যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, আমরা ভুল করব। বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ১৮ বছর ধরে তারেক জিয়াকে দেশে আসতে দেওয়া হয়নি। যখন প্রথমবার এলেন, সেদিন মানুষ উচ্ছ্বাসে ভাসছিল। প্রথম দিন স্টেজে উঠে তিনি বলেছিলেন, তার পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নত করার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজ সরবরাহ নিশ্চিত হবে। এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

এই সময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.