শেরপুরে সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ১২:৩৪ (সোমবার)
শেরপুরে সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দেওয়া এক বিবৃতিতে সরকার এ উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সহিংসতার মাধ্যমে প্রাণহানির ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় এই সময়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে সরকার।

অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন করে এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করে। বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

সরকার জানায়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিবৃতিতে সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সকলের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.