কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত: এমপি দিওজেনেস সহ ১৫ জন নিহত

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ১২:২৫ (রবিবার)
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত: এমপি দিওজেনেস সহ ১৫ জন নিহত

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক সংসদ সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন উত্তর সান্তান্দার প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা পরিচালিত বিচক্র্যাফট ১৯০০ মডেলের টুইন প্রোপেলার উড়োজাহাজটি কুকুটা শহর থেকে নিকটবর্তী ওকানা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড়োজাহাজটিতে দুইজন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইন্তেরো। তিনি কাতাতুম্বো অঞ্চলের প্রতিনিধি হিসেবে কংগ্রেসে দায়িত্ব পালন করছিলেন এবং শান্তি ও মানবাধিকার ইস্যুতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশটির রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাতেনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওকানার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ করে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময় পর পাহাড়ি এলাকায় বিমানটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি দুর্গম পাহাড়ি অঞ্চল। সেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করাও কঠিন। দুর্ঘটনার পর কলম্বিয়ার বিমান বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও বিমানের অংশ উদ্ধার করছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো সশস্ত্র হামলার ফল কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত গেরিলা গোষ্ঠীর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করছেন দেশটির নিরাপত্তা ও বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বায়ান্ননিউজ২৪/আবির

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.