বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত ১

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০০:৫৪ (রবিবার)
বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত ১

শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা এবং মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনতার মুখোমুখি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে রেজাউল করিমসহ অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শেরপুর আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি তারা অবগত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.