খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাব

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬ ১৩:১০ (মঙ্গলবার)
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উভয় কক্ষে শোকপ্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বাজেট অধিবেশনের প্রথম দিনে লোকসভা ও রাজ্যসভায় মরনোত্তর শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, নিয়ম অনুযায়ী বাজেট সেশনের প্রথম দিনে সংসদের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর শোক ও শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা প্রদান করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর ঢাকায় এসে সেই শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

একই শোকপ্রস্তাবে ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদির প্রতিও শ্রদ্ধা জানানো হবে।

উল্লেখ্য, ভারতের এবারের বাজেট অধিবেশন মোট ৬৫ দিন চলবে। এ সময়ে সংসদের উভয় কক্ষে ৩০টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাজেট অধিবেশন শেষ হবে আগামী ২ এপ্রিল।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.