পোস্টাল ব্যালট নিয়ে নতুন গাইডলাইন, স্বাক্ষর ও ঘোষণাপত্র বাধ্যতামূলক
ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো পোস্টাল ব্যালট আর গণনায় অন্তর্ভুক্ত হবে না। পোস্টাল ব্যালট বাতিল সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসি।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনামূলক চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে বৈধ পোস্টাল ব্যালট আলাদাভাবে প্রার্থীভিত্তিক এবং ‘হ্যাঁ’ ও ‘না’ ভিত্তিতে গণনা করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, খামের ভেতরে ঘোষণাপত্র না থাকলে, ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে, একাধিক প্রতীকে বা কোনো প্রতীকেই টিক বা ক্রস না দিলে, অস্পষ্টভাবে চিহ্ন দেওয়া হলে অথবা নির্ধারিত প্রতীকের বাইরে অন্য কোনো চিহ্ন থাকলে সংশ্লিষ্ট পোস্টাল ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। প্রবাসী ভোটারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক ছাড়া অন্য প্রতীকে চিহ্ন থাকলেও ব্যালট বাতিল হবে।
এ ছাড়া গণনার সময় অবৈধ বা বাতিল ঘোষিত ব্যালট আলাদা খামে সংরক্ষণ করে সংখ্যা উল্লেখ করতে হবে এবং ফলাফল বিবরণীতে তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিনসহ আগের চার দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছানো পোস্টাল ব্যালটও গণনায় ধরা হবে না।
নির্দেশনায় আরও বলা হয়, আদালতের আদেশে কোনো আসনের প্রার্থীতালিকায় পরিবর্তন হলে ওই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না। পাশাপাশি কিউআর কোড ডুপ্লিকেট হওয়া বা স্ক্যান না করার কারণে বাতিল ব্যালট আলাদাভাবে সংরক্ষণ ও হিসাব প্রকাশ করতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে ও বিদেশে দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কয়েদি ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.