নরসিংদীতে সাংবাদিকদের ওপর নৃশংস হামলা, গুরুতর আহত ১০

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ০৫:৪৬ (সোমবার)
নরসিংদীতে সাংবাদিকদের ওপর নৃশংস হামলা, গুরুতর আহত ১০

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নরসিংদীর পাঁচদোনায় সন্ত্রাসীদের বর্বর হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক। তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সবাই ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদক বলে জানা গেছে।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের স্টাফ লাল মিয়াসহ আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার প্রস্তুতিকালে পার্কের সামনে গাড়িতে ওঠার সময় স্থানীয় একদল সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর এবং সঙ্গে থাকা পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের মারধর করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে ঢাকার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

সাংবাদিকদের ওপর প্রকাশ্য সড়কে এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন  বিভিন্ন সাংবাদিক সংগঠন । তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.