নির্বাচন ঘিরে দেশের সব হাসপাতালকে বিশেষ জরুরি প্রস্তুতির নির্দেশ

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬ ১৮:২৮ (মঙ্গলবার)
নির্বাচন ঘিরে দেশের সব হাসপাতালকে বিশেষ জরুরি প্রস্তুতির নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবাকে সচল ও কার্যকর রাখতে ১০ দফা নির্দেশনার মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে থাকতে হবে। এই সময়জুড়ে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় এবং সব হাসপাতাল ও ক্লিনিকে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে বলা হয়েছে।

নির্বাচন উপলক্ষে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন এলাকায় ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠানের জনবল ও প্রয়োজন বিবেচনায় টিমের সদস্য নির্ধারণ করবেন প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক।

জরুরি বিভাগে বাড়তি রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব হাসপাতাল ও ক্লিনিককে সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি ও যোগাযোগ নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও নির্বাচনী সময় জরুরি বিভাগ চালু রেখে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। রোগী রেফার করার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় কাউন্সেলিং এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা দিতে হবে। নির্বাচনকালীন সময়ে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস ইউনিট, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টারসহ সব গুরুত্বপূর্ণ সেবা নিয়মিত চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্বাচন ঘিরে জননিরাপত্তা ও চিকিৎসাসেবায় কোনো ঘাটতি যেন না থাকে, সে লক্ষ্যেই এই বিশেষ জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.