নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীকে কঠোর সতর্কবার্তা ডক্টর ইউনুসের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর দায়িত্বশীলতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেকোনো ধরনের বিচ্যুতি জনগণের আস্থাকে ক্ষুণ্ন করতে পারে।
সোমবার সেনাসদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থার প্রতীক হিসেবে বাহিনীকে অতীতের মতোই পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।
সভায় তিনি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক ভূমিকার কথাও উল্লেখ করেন।
ড. ইউনূস বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত সংবেদনশীল। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটার এবং দীর্ঘদিন ভোট দিতে না পারা নাগরিকদের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সব সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত ও সংযত। সামান্য কোনো ভুল সিদ্ধান্তও যেন নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ না করে, সে বিষয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো পক্ষই নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে।
সভায় তিনি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতে এসব কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে বাহিনীগুলোর প্রধানরা স্বাগত জানান।
এমন নির্দেশনা ও বক্তব্যকে ঘিরে নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.