অবশেষে সাকিব আল হাসানকে ক্রিকেটে ফেরাতে উদ্যোগী বিসিবি

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬ ০৪:০৩ (মঙ্গলবার)
অবশেষে সাকিব আল হাসানকে ক্রিকেটে ফেরাতে উদ্যোগী বিসিবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ফিরতে যাচ্ছেন। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় দীর্ঘদিন ধরে বর্তমান ইউনুস সরকারের রোষানলে থাকা এই তারকা ক্রিকেটারকে ফের বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে সাকিব আল হাসানের ফিটনেস, খেলতে আগ্রহ এবং সিরিজ সংশ্লিষ্ট উপস্থিতি নিশ্চিত হলে তাকে পরবর্তী সিরিজগুলোতে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে।

আমজাদ হোসেন আরও জানান, সাকিব যদি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে চান, সেক্ষেত্রে বিসিবি প্রয়োজন অনুযায়ী অনাপত্তিপত্র দেবে। একই সঙ্গে তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাসহ আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে। বোর্ডের অবস্থান স্পষ্ট করে বলা হয়, একজন ক্রিকেটারের পেশাগত অধিকার রাজনৈতিক কারণে ক্ষুণ্ন হওয়া উচিত নয়।

এ বিষয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা নিয়ে আলোচনার সময় বোর্ডের এক পরিচালক প্রস্তাব দেন যে সাকিব আল হাসান খেলতে আগ্রহী। সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এরপর বিষয়টি বোর্ড সভাপতির মাধ্যমে সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত আইনি বিষয়গুলো তার নিজের এবং সরকারের দেখার বিষয়। তবে ক্রিকেট বোর্ড হিসেবে আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা সাকিব আল হাসানকে দলে চাই।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের কারণে জাতীয় দল থেকে কার্যত দূরে রাখা সাকিবের প্রত্যাবর্তনের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে একটি ইতিবাচক বার্তা হিসেবে। ক্রিকেটপ্রেমীদের মতে, ইউনুস সরকারের সময় সাকিবকে যে অবমূল্যায়ন করা হয়েছে, এই সিদ্ধান্ত তারই নীরব প্রতিবাদ।

ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, সব বাধা অতিক্রম করে দেশের জন্য আবার মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.