ভারতের সঙ্গে বড় বাণিজ্য জোটে যাচ্ছে ইউরোপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির প্রভাব বিশ্ব বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করছে। এরই ধারাবাহিকতায় ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পরিসরের মুক্ত বাণিজ্য চুক্তির দিকে দ্রুত এগোচ্ছে, যাকে উভয় পক্ষই তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে দেখছে।
আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন ও উচ্চ শুল্কের কারণে ভারত নতুন অংশীদার খুঁজছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নও চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাজার ও কৌশলগত অংশীদার হিসেবে ভারতের দিকে ঝুঁকছে।
আগামী ২৭ জানুয়ারি দুই পক্ষের শীর্ষ বৈঠকে এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তা হলে প্রায় দুই দশক ধরে চলা আলোচনা একটি বাস্তব রূপ পাবে।
এই চুক্তি কার্যকর হলে এটি হবে গত চার বছরে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন, কারণ তারা এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এতে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ কিছুটা লাঘব করতে পারবে ভারত, আর ইউরোপ পাবে একটি বড় ও নির্ভরযোগ্য বাজার। যদিও মেধাস্বত্ব সুরক্ষা, কার্বন কর ও কৃষিপণ্যের মতো কিছু ইস্যুতে এখনো মতপার্থক্য রয়েছে, তবে ধাপে ধাপে সেগুলো সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।
দীর্ঘমেয়াদে এই বাণিজ্য জোট বৈশ্বিক অর্থনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.