বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬ ১৭:৫৯ (সোমবার)
বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ

দেশে তরুণ ও অবিবাহিতদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের ৪২ শতাংশই তরুণ তরুণী। আগের বছর ২০২৪ সালে এই হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। ক্রমবর্ধমান এই প্রবণতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট এক হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, ইনজেকশনযোগ্য মাদক ব্যবহার, কনডমসহ সুরক্ষা সামগ্রী ব্যবহার না করা এবং যৌন স্বাস্থ্য বিষয়ে পর্যাপ্ত সচেতনতার অভাব। পরিবার ও সমাজে এসব বিষয়ে খোলামেলা আলোচনা না থাকায় কৌতূহল ও ভুল ধারণা তরুণদের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণ বলেন, অন্যের ব্যবহৃত সুচ যে এতটা বিপজ্জনক, তা তিনি জানতেন না। আরেকজন তরুণ জানান, সমাজে নৈতিকতার কথা বেশি বলা হলেও নিরাপদ থাকার বাস্তব তথ্য খুব কমই জানানো হয়।

ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সায়মা খান বলেন, তরুণদের মধ্যে রোমাঞ্চের প্রবণতা ও সচেতনতার অভাব অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্ম দিচ্ছে। নিরাপদ যৌন আচরণ ও নিয়মিত সচেতনতা কার্যক্রমই এইচআইভি সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর উপায়।

ভাইরাসবিদ অধ্যাপক নজরুল ইসলাম জানান, নিয়মিত ওষুধ গ্রহণ করলে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও কমে আসে। তবে সামাজিক লজ্জা ও ভয় অনেক তরুণকে সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করতে বাধা দিচ্ছে।

সমাজতত্ত্ব ও মনস্তত্ত্ব বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির দ্রুত বিস্তার, নগরায়ণ ও সামাজিক পরিবর্তনের ফলে তরুণদের যৌন আচরণে পরিবর্তন এসেছে। কিন্তু যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক শিক্ষা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা মনে করেন, স্কুল পর্যায় থেকেই কার্যকর প্রজনন স্বাস্থ্য শিক্ষা এবং রাষ্ট্রীয় পর্যায়ে ধারাবাহিক সচেতনতা কর্মসূচি জোরদার করা জরুরি।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.