বাংলাদেশের স্বার্থ রক্ষায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬ ১৮:১৫ (রবিবার)
বাংলাদেশের স্বার্থ রক্ষায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের পক্ষে কথা বলে। যারা ভিন্ন দেশের স্বার্থ রক্ষা করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ দেশে ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে শেষ পর্যন্ত সবার পরিণতি এক হয়। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত প্রত্যাশা বাস্তবায়নে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিএনপি ক্ষমতায় এলে দেশের কোনো মানুষ যেন দারিদ্র্যসীমার নিচে না থাকে, সে লক্ষ্যেই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে।

এ সময় ধানের শীষের নির্বাচনী প্রচারে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বায়ান্ননিউজ২৪/সৈকত

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.