অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, জাতির প্রত্যাশিত অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দায়িত্ব পালনের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় চট্টগ্রাম জেলার সার্বিক নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থাপনা শেষে সেনাপ্রধান চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এছাড়া তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.