বরিশালে জেলগেট থেকে সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন পুনরায় আটক

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬ ০৩:৩৮ (রবিবার)
বরিশালে জেলগেট থেকে সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন পুনরায় আটক

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দমন নিপীড়নের অভিযোগের মধ্যে বরিশালে আবারও আলোচিত একটি ঘটনা ঘটেছে। বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে কারামুক্তির মুহূর্তেই পুনরায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি সন্ধ্যায় একাধিক মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে তাকে আবার আটক করা হয়। কারাগার সূত্র ও পুলিশ জানিয়েছে, ডিবি পুলিশের একটি দল তাকে জেলগেট থেকেই হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত রাজনৈতিক অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে গত বছরের ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন।

জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তারের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, জামিন পাওয়ার পরও এভাবে পুনরায় গ্রেপ্তার করা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং বিরোধী কণ্ঠ দমনেরই অংশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সব কার্যক্রম আইন অনুযায়ীই পরিচালিত হচ্ছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.