নির্বাচনের আগেই মানুষকে প্রতারিত করছে একটি দল, শিরকের পথে ঠেলে দিচ্ছে: তারেক রহমান
নির্বাচনের আগেই একটি দল মানুষকে প্রতারিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের পর কীভাবে ঠকানো হবে, তা এখনই মানুষ বুঝে নিতে পারছে। শুধু প্রতারণাই নয়, মুসলমানদের শিরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। এখানে যারা ওমরা বা হজ পালন করেছেন, তারা হাত তুলুন। এরপর তিনি একজন হজ পালনকারীকে মঞ্চে ডেকে এনে প্রশ্ন করেন, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে। জবাবে ওই ব্যক্তি বলেন, আল্লাহ।
এরপর তারেক রহমান বলেন, আমরা সবাই মুসলমান। এই দুনিয়ায় যা কিছু দেখি, এই পৃথিবীর মালিক কে। উত্তরে আবারও আল্লাহ বলা হয়। সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে এমন প্রশ্নের জবাবেও মাঠজুড়ে সমস্বরে আল্লাহ উচ্চারিত হয়।
এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, যেটার মালিক একমাত্র আল্লাহ, সেটা দেওয়ার ক্ষমতা কি অন্য কারও আছে। নেই। তাহলে নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেওয়ার কথা বলছে। যেটার মালিক মানুষ নয়, সেই বিষয়ে কথা বলা কি শিরকের শামিল নয়। যার অধিকার শুধু আল্লাহর, সেই বিষয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
তিনি বলেন, আগেই যখন মানুষকে প্রতারিত করা হচ্ছে, নির্বাচনের পর কী হবে তা বোঝাই যাচ্ছে। শুধু ঠকানো নয়, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময় কারা কী ভূমিকা রেখেছে, দেশের মানুষ তা জানে। যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন এবং মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে, ইতিহাসে তা লেখা আছে।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, এই হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে, এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.