সিলেটে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান।
বুধবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজের শ্বশুরবাড়ি এলাকা থেকেই তিনি এই প্রচারণার সূচনা করেন।
রাত আনুমানিক একটার দিকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে তার উপস্থিতিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর এলাকায় ফিরে আসায় নেতাকর্মীরা একে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।
প্রচার শুরুর সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ এসেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন মূল দায়িত্ব হলো ধানের শীষকে বিজয়ী করা।
তিনি আরও বলেন, বহু বছর পর তিনি এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এলাকায় এসেছেন। এই এলাকার মানুষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদেরই দায়িত্ব, আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন ধানের শীষ জয়ী হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, বিরাইমপুর ও দক্ষিণ সুরমা এলাকা থেকে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব হবে কি না। জবাবে জনতা হাত তুলে ও স্লোগানের মাধ্যমে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার জানান।
নির্বাচনী প্রচারের এই সূচনাকে ঘিরে বিএনপির স্থানীয় নেতারা বলছেন, সিলেট থেকে প্রচার শুরু করা দলটির জন্য সাংকেতিক গুরুত্ব বহন করে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ধানের শীষকে কেন্দ্র করে মাঠের রাজনীতিও ততই সরব হয়ে উঠছে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.