কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার মার্কিন অ্যাক্টিভিস্ট, ছাত্রছাত্রী ও মানবাধিকারকর্মীরা রাস্তায় নেমে অভিবাসন নীতি এবং ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মিনেসোটার মিনিয়াপলিসে সম্প্রতি ফেডারেল এজেন্টদের অভিযানে ৩৭ বছর বয়সী এক মা রেনি গুড গাড়ি থেকে টেনে নামানোর পর গুলিতে নিহত হন। এই ঘটনার পরই অভিবাসন নীতি ও সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটন ডিসি এবং উত্তর ক্যারোলিনার অ্যাশভিলসহ আশপাশের ছোট শহরগুলোতে মিছিল করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘আইসিই নয়, কেকেকে নয়, ফ্যাসিস্ট আমেরিকা নয়’ স্লোগান দিয়ে অভিবাসন নীতি, বর্ণবাদ এবং কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিবাসন নীতির বিরোধিতা করে ‘ঘৃণা নয়, ভয় নয়, শরণার্থীরা এখানে স্বাগত’ স্লোগান দেন। একইভাবে নিউ মেক্সিকোর সান্তা ফে শহরে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ‘আইসিই আতঙ্ক থামাও’ শিরোনামে একটি সমাবেশে অংশ নেয়।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটারদের বৈধ সমর্থন নিয়েই তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তাদের মতে, কোটি কোটি অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয়ে জনগণের অনুমোদন রয়েছে।
তবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক জরিপে অধিকাংশ আমেরিকান অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইসহ অন্যান্য ফেডারেল সংস্থার অতিরিক্ত বলপ্রয়োগের বিরোধিতা করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক এই বিক্ষোভগুলো মূলত বামপন্থী সংগঠন ইন্ডিভিসিবল, বিভিন্ন শ্রমজোট এবং অভিবাসী আটক কেন্দ্রবিরোধী গ্রাসরুটস সংগঠনগুলোর উদ্যোগে সংগঠিত হয়েছে।
বায়ান্ননিউজ২৪/চৈতী
আইটি ল্যাব সলিউশন্স লি.