ইভ্যালির রাসেল ও শামীমা আবারও গ্রেপ্তার, শতাধিক মামলার পরোয়ানা
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য রয়েছে।
সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলাগুলোতে রাসেল ও শামীমার বিরুদ্ধে বিপুল সংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা রয়েছে।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.