সীতাকুণ্ডের পাহাড়ে সশস্ত্র হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬ ০৩:৫২ (মঙ্গলবার)
সীতাকুণ্ডের পাহাড়ে সশস্ত্র হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম মোতালেব। তিনি অভিযানে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ থেকে প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। তিনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছিলেন।

হামলার ঘটনায় মোতালেবসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে মোতালেব ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অপর চারজনকে উদ্ধারে এবং সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ত্রাসীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গেলে অতর্কিতভাবে গুলিবর্ষণ করা হয়। এতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হন এবং একজন নিহত হন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

এই ঘটনার মাধ্যমে পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বায়ান্ননিউজ২৪/জুনেদ

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.