বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসায় বন্ড বাধ্যতামূলক, কার্যকর ২১ জানুয়ারি থেকে

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৬ ১৮:৩৬ (সোমবার)
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসায় বন্ড বাধ্যতামূলক, কার্যকর ২১ জানুয়ারি থেকে

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। আগামী ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বি১ ও বি২ ক্যাটাগরির ভিসা অনুমোদনের ক্ষেত্রে ভিসা বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, ২১ জানুয়ারির পর যারা ব্যবসা ও পর্যটন ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১ বা বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ জমা দেওয়া ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অননুমোদিত মাধ্যমে অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ এ ধরনের লেনদেন প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের আগে দেওয়া কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করা হলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

ভিসা বন্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে তথ্য দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই শর্ত যুক্ত হওয়ায় বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রক্রিয়া আরও কঠোর ও ব্যয়বহুল হয়ে উঠবে, যা পর্যটক ও ব্যবসায়ীদের ওপর প্রভাব ফেলতে পারে।

বায়ান্ননিউজ২৪/ইফতি

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.