ইরানে বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬ ১৭:৫১ (সোমবার)
ইরানে বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির সরকার।

রোববার দেশটির এক আঞ্চলিক সরকারি কর্মকর্তা জানান, বিক্ষোভকালীন হতাহতের বিষয়ে যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এই পরিসংখ্যান পেয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অন্তত পাঁচশ সদস্য রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এসব সহিংসতার জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও সশস্ত্র দাঙ্গাবাজরা দায়ী। তার ভাষ্য অনুযায়ী, তারা সাধারণ ইরানি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সরকারি ওই কর্মকর্তা বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। অতীতেও ওই অঞ্চলে সহিংসতার নজির রয়েছে বলে জানান তিনি।

তার দাবি, বিক্ষোভ-সহিংসতায় নিহতের চূড়ান্ত সংখ্যায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েলসহ বিদেশে অবস্থানরত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে।

ইরানি কর্তৃপক্ষ বরাবরই দেশের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য বিদেশি শক্তিগুলোকে দায়ী করে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ৩০৮ জনে পৌঁছেছে। আরও চার হাজার ৩৮২ জনের বিষয়ে তথ্য যাচাই চলছে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের হিসাব অনুযায়ী, বিক্ষোভ চলাকালে ইরানি কর্তৃপক্ষ ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.