গ্রিনল্যান্ড শুল্ক হুমকিকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন ইউরোপীয় নেতারা

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬ ১৬:২৭ (সোমবার)
গ্রিনল্যান্ড শুল্ক হুমকিকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন ইউরোপীয় নেতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ইউরোপীয় নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া হয়, তবে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ১ জুন থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপ সম্পূর্ণ ভুল, এবং আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হুমকিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং বলেছেন, আমরা কোনও ধরনের ভীতি প্রদর্শনে ভীত হব না। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন জানিয়েছেন, আমরা নিজেদের ব্ল্যাকমেইল হতে দেব না। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা বলেছেন, আন্তর্জাতিক আইন রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন সব সময় দৃঢ় থাকবে এবং এটি সদস্য রাষ্ট্রের ভূখণ্ড থেকেই শুরু হবে।

ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। শনিবার দ্বীপে এবং ডেনমার্কে বিক্ষোভের মাধ্যমে স্থানীয়রা গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিজেদের হাতে রাখার দাবি জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের হুমকির পর ইউরোপীয় ইউনিয়ন রবিবার ব্রাসেলসে জরুরি বৈঠক আহ্বান করেছে, যেখানে ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতরা অংশ নেবেন।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.