দল নিষিদ্ধ হলেও ব্যক্তির প্রার্থিতায় বাধা নেই: লতিফ সিদ্দিকী ইস্যুতে ইসি মাছউদ
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে ওই দলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রোববার নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।
এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। পরে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে বহাল রাখার সিদ্ধান্ত দেয়।
এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিনের শুনানি শুরু হয়।
নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
বায়ান্ননিউজ২৪/সৈকত
আইটি ল্যাব সলিউশন্স লি.